October 8, 2026, 6:00 pm

রোহিঙ্গা সহায়তা বাড়াবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ নির্বাচনে চায় সমর্থন

অভয়নগর প্রতিবেদক

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তের কথা বাংলাদেশকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার আসন্ন নির্বাচনে মার্কিন প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন চেয়েছে দেশটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান এসব বিষয় জানান।
সাক্ষাতে মানবপাচার ও যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবপাচার প্রতিবেদন (টিআইপি), জ্বালানি বিশেষ করে এলপিজি, শিক্ষা ও প্রশিক্ষণ এবং ফুলব্রাইট কমিশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরিক গিলান জানান, রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি জাতিসংঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থনের অনুরোধ জানান তিনি। বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক সিলিকন ভ্যালি সফর নিয়েও জানতে চান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স।
জবাবে শামা ওবায়েদ রোহিঙ্গাদের জন্য মার্কিন আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান। জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নির্বাচনে মার্কিন প্রার্থীদের সমর্থনের অনুরোধগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি। সিলিকন ভ্যালি সফরকে সফল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেখানে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান, বিভিন্ন স্টার্ট-আপ ও প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের কয়েকটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।



ফেসবুক কর্নার