
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। মাহদী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল।
মাহদীর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। বিমানবন্দরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাকে আটকে দেন বলে জানান তিনি। পরে দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর বিমানবন্দর এলাকা থেকে চলে যান মাহদী।
তবে মাহদীকে আটকে দেওয়ার বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন। ফলে তাকে কেন আটকে দেওয়া হয়েছিল বা কোন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বিদেশযাত্রা থেকে বিরত রাখা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।