
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ-নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি একটি মামলায় মৌলভীবাজার জেলা কারাগারে আটক রয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং দলের আদর্শ ও নীতির পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ নির্দেশক্রমে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জেলা এনসিপির একাধিক নেতার দাবি, এহসান জাকারিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছিল। এসব বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে একাধিকবার অবহিত করা হয়েছিল বলেও তারা দাবি করেন। দলীয় সূত্র জানায়, অভিযোগগুলো পর্যালোচনার পর কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বহিষ্কারের বিষয়ে এহসান জাকারিয়ার বক্তব্য জানা যায়নি।