
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে গঙ্গা, তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর পলাশী চত্বরে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, ভারতের সঙ্গে কোনো বৈরিতা চান না, তবে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হচ্ছে কি না, সেটি গুরুত্বপূর্ণ।
নাহিদ ইসলাম বলেন, চলতি বছরের ডিসেম্বরে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। শুধু চুক্তি নবায়ন নয়, বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করে নতুন চুক্তি করতে হবে। একই সঙ্গে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারত্ব নিশ্চিত করার দাবি জানান তিনি।
আবরার ফাহাদকে জাতীয় মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে নাহিদ বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নদীর পানির ন্যায্য হিস্যার পক্ষে তিনি লেখালেখি করেছিলেন। আবরার হত্যার মামলার রায় কার্যকর না হওয়ায়ও আক্ষেপ প্রকাশ করেন তিনি। স্মরণসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ আবরার ফাহাদ স্মৃতি সংসদের নেতারা উপস্থিত ছিলেন।