October 7, 2026, 7:53 pm

এ বছরই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ

অভয়নগর প্রতিবেদক

বিমানের বহর আধুনিকায়নের অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ সরবরাহের অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান। মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের উড়োজাহাজ যুক্ত হলে বিমানের সক্ষমতা বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও কার্যকর হবে।
মন্ত্রী জানান, দেশের প্রায় ২০ শতাংশ যাত্রী বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে পরিবহন করা হয়, বাকি ৮০ শতাংশ অন্য এয়ারলাইনসের ওপর নির্ভরশীল। উড়োজাহাজের স্বল্পতার কারণে যাত্রীদের চাহিদা পূরণে সমস্যা হচ্ছে। তিনি বলেন, লক্ষ্য বিমানকে বিশ্বের অন্যতম সেরা ক্যারিয়ারে পরিণত করা। এজন্য এয়ারবাসের পাশাপাশি বোয়িংয়ের সঙ্গে কাজ করে প্রয়োজন অনুযায়ী বহর, রুট ও অবকাঠামো গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে এমআরও সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে ইউরোপীয় বিনিয়োগকারীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ইইউ, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও স্পেনের রাষ্ট্রদূতসহ এয়ারবাস ও বিমান বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিডিও বার্তায় বক্তব্য দেন এয়ারবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা গিয়োম ফোরি।



ফেসবুক কর্নার