October 8, 2026, 1:25 am

জাবির জঙ্গলে সন্দেহজনক ঘোরাঘুরি, আটক পাঁচ বহিরাগত

অভয়নগর প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার (ডব্লিউআরসি) সংলগ্ন জঙ্গল এলাকা থেকে সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে তিন নারীসহ পাঁচ বহিরাগতকে আটক করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৭ অক্টোবর) ভোরে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়া হয়। পরে অধিকতর তদন্তের জন্য আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা গাজীপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করেন। রাত ৩টার দিকে তাদের ডেইরি গেট থেকে মসজিদের পাশ দিয়ে দৌড়ে যেতে দেখা যায়। পরে ডব্লিউআরসি সংলগ্ন জঙ্গল থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। পরিচয় ও ক্যাম্পাসে অবস্থানের কারণ জানতে চাইলে বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। শিক্ষার্থীরা তাদের ব্যাগে জন্মনিয়ন্ত্রক ট্যাবলেট পাওয়ার দাবি করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ভোর ৪টার দিকে তিন নারী ও দুই পুরুষসহ পাঁচ বহিরাগতকে আটক করা হয়। ক্যাম্পাসে তাদের অবস্থান অননুমোদিত ও সন্দেহজনক হওয়ায় পুলিশে হস্তান্তর করা হয়েছে। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ করেনি। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে; তারা থানায় এলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।



ফেসবুক কর্নার