October 7, 2026, 6:31 pm

পঞ্চগড়ে হাদী হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’

ময়নুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি

 

শহীদ ওসমান বিন হাদীর হত্যার দ্রুত বিচারসহ তিন দফা দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়। এর আগে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিয়ে পথে সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ ওসমান বিন হাদীর হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থানরত হত্যাকাণ্ডের আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাবান্ধা থেকে টেকনাফ পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে। প্রথম দিনে বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে প্রায় ২১ কিলোমিটার পথ অতিক্রম করে তেঁতুলিয়ায় দিনের কর্মসূচি শেষ করেন অংশগ্রহণকারীরা। এতে স্থানীয়দের পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।



ফেসবুক কর্নার