
সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শামা ওবায়েদ ইসলাম দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি বাংলাদেশি পণ্যের আমদানি বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের নারী উদ্যোক্তাদের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আনিস মাত্তা বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম। বিশেষ করে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ নিতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উৎসাহিত করার কথা বলেন তিনি। সরকারি সফরে বাংলাদেশে আসা আনিস মাত্তার বৃহস্পতিবারই ঢাকা ছাড়ার কথা রয়েছে।