
সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই আনুষ্ঠানিকতা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। প্রকাশিত একটি ভিডিওতে কাবা শরিফের সামনে কালো বোরকা পরা অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ একটি অধ্যায় হিসেবে তুলে ধরেছেন তিনি।
একই পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান কেয়া পায়েল। তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’ অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে নজর দেওয়ার কথাও বলেন তিনি।