
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক পদে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। ফারুক হাসানকে উপসচিব পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
পোস্টে পাটওয়ারী লিখেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় পড়াশোনা থাকা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ে ফারুক হাসানকে বিদ্যুৎ খাতের পরিচালক নিয়োগ দেওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন। কটাক্ষ করে তিনি বলেন, গত এক বছরে গুলশান অফিসে ফারুক বিদ্যুৎ বিষয়ে পিএইচডি, বিরোধী দলকে গালাগালিতে মাস্টার্স এবং বিদ্যুতের বিল বাড়িয়ে গুলশান অফিসের খরচ জোগানোর বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন।
পাটওয়ারী আরও কটাক্ষ করে বলেন, এমন বহুমুখী যোগ্যতার পর তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলাটাই অন্যায়। এ বিষয়ে প্রশ্ন তোলাদের সাংবিধানিকভাবে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর এ বক্তব্য ফারুক হাসানের নিয়োগ নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।