
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নে বিসিআইসি সারের ডিলারশিপ পেতে তথ্য গোপন ও অপপ্রচারের অভিযোগ উঠেছে নয়ন মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তিনি বছরের অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করলেও এলাকায় ডিলারশিপ নেওয়ার চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, দুর্গম চরাঞ্চলে কৃষকদের সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারের নিয়মিত উপস্থিতি জরুরি। তাঁদের আশঙ্কা, এলাকায় নিয়মিত অবস্থান না করলে কৃষকদের সার পেতে ভোগান্তি বাড়তে পারে। এ ছাড়া ডিলারশিপের আবেদন নিয়ে আপত্তি জানানোয় স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগও করেছেন তাঁরা।
স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সরকারি নীতিমালা অনুযায়ী ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, চরাঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিত সার সরবরাহে সক্ষম ব্যক্তিকে ডিলারশিপ দেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।