
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন বন্ধ থাকবে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, দুর্গাপূজার ছুটি নিয়ে বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে ১৬ ও ২৩ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট আট দিন বন্ধ থাকবে বন্দর।
সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে শুল্ক স্টেশন ও সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা এসআই সাইফুর রহমান বলেন, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ছুটির বিষয়ে দুই দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে চিঠি বিনিময় করা হয়েছে।