
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে শিক্ষা হিসেবে নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। এ বিষয়ে সৌদি সরকারকে চিঠি দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর বিস্তারিত জানানো সম্ভব হবে।
প্রতিমন্ত্রী জানান, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশের মিশন অবগত ছিল না। সৌদি সরকার বিস্তারিত তথ্য না জানানোয় এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করতে চান না তিনি। শ্রম কল্যাণ উইংয়ের বার্তায় বলা হয়েছে, মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে সৌদি আরবের আইনি কাঠামো অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসীদের বিদেশে কাজ করতে যাওয়ার আগে ও সেখানে অবস্থানের সময় সংশ্লিষ্ট দেশের আইন-কানুন মেনে চলা উচিত। তিনি আরও জানান, আনুষ্ঠানিক তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির মরদেহ কবে ও কীভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, তা জানা যাবে।