October 17, 2026, 3:05 pm

ইনানী রিসোর্টে আগুনে নিহত ১০, ম্যানেজার আটক

অভয়নগর প্রতিবেদক

 

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাঁকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

ওসি জানান, ম্যানেজার সুমনকে থানায় নেওয়া হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে। এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। এতে রিসোর্টটি পুড়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রিসোর্টটিতে মোট নয়টি কক্ষ ছিল। শুক্রবার রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জন সকালে বিভিন্ন কাজে বাইরে ছিলেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান শেষ ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার