October 18, 2026, 12:37 pm

নারায়ণগঞ্জের সাত খুন মামলা: আপিল শুনানি ১৭ নভেম্বর

অভয়নগর প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আপিল বিভাগের শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার আদালত এ তারিখ নির্ধারণ করেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অন্যরা হলেন নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম। এ ঘটনায় দুটি মামলা হয়। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন ও র‍্যাবের বরখাস্ত তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। অন্য নয় আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।

২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি নয় আসামির বিভিন্ন মেয়াদের কারাদণ্ডও বহাল থাকে। মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিদের মধ্যে রয়েছেন নূর হোসেন এবং র‍্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মুহাম্মদ, আরিফ হোসেন ও মাসুদ রানা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিলের পর মামলাটি এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।



ফেসবুক কর্নার