October 18, 2026, 1:23 pm

হুথি হামলার আশঙ্কায় রিয়াদের কিংডম সেন্টারে হোম অফিস

অভয়নগর প্রতিবেদক

 

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের সব অফিসকে বাসা থেকে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। ভবনটির ভাড়াটেদের পাঠানো ই-মেইলে অফিস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে কর্মীদের অফিসে না আসার অনুরোধ জানিয়েছে। তবে ভবনটির নিচতলার শপিংমল খোলা রয়েছে।

এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সম্ভাব্য হুথি হামলার বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন শনিবার জারি করা নিরাপত্তা সতর্কবার্তায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এখনও স্থগিত রয়েছে।

তবে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু থাকলেও কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব এবং বাতিলের ঘটনা ঘটছে। সৌদি আরবের বিমানবন্দর দিয়ে ভ্রমণের পরিকল্পনাকারীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দরের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলেছে মার্কিন মিশন। পাশাপাশি সম্ভাব্য নতুন হামলা, ফ্লাইটের সময়সূচি ও আকাশসীমার পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকার এবং সৌদি সিভিল ডিফেন্সের জাতীয় জরুরি সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার