October 18, 2026, 1:49 pm

চোয়ালে অস্ত্রোপচার মার্টিনেজের, ফিরতে লাগবে কয়েক সপ্তাহ

অভয়নগর প্রতিবেদক

 

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচে চোয়ালে গুরুতর চোট পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এভারটনের ফ্রি-কিক বিপদমুক্ত করতে গিয়ে প্রতিপক্ষের সেন্টারব্যাক জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে আহত হন তিনি। প্রায় ১০ মিনিট মাঠে পড়ে থাকার পর স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয় এবং পরে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষায় ঘাড়, পিঠ ও মাথার খুলিতে উদ্বেগজনক কিছু পাওয়া না গেলেও চোয়ালে ফাটল ধরা পড়ে। পরে তাঁর অস্ত্রোপচার করা হয়।

সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, সুস্থ হয়ে মাঠে ফিরতে মার্টিনেজের প্রায় দেড় মাস পুনর্বাসনে থাকতে হতে পারে। সে ক্ষেত্রে চেলসির হয়ে আসন্ন কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। আগামী নভেম্বরের মাঝামাঝি উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার আন্তর্জাতিক ম্যাচেও তাঁর খেলা অনিশ্চিত। সফল অস্ত্রোপচারের পর ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করে মার্টিনেজ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মার্টিনেজ লেখেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ফিরবেন। ম্যাচে ক্লিনশিট ধরে রেখে জয় পাওয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেও উল্লেখ করেন তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। মার্টিনেজকে উদ্দেশ করে তিনি আশা প্রকাশ করেন, বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক আগের চেয়েও শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন।



ফেসবুক কর্নার