
লিওনেল মেসির জোড়া গোল ও একটি অ্যাসিস্টের নৈপুণ্যে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। শেষদিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় স্বাগতিক আটালান্টা।
ম্যাচের ৫৬ ও ৬০ মিনিটে চলতি এমএলএস মৌসুমের ২৪তম ও ২৫তম গোল করেন মেসি। দুটি গোলেই সহায়তা করেন জেরেমি বার্তেরামে; দ্বিতীয় গোলের আগে অবদান ছিল লুইস সুয়ারেজেরও। পেশাদার ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬-এ। চলতি লিগে ২৫ গোল ও ১৫ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন তিনি। তাঁর সমান ১৫টি অ্যাসিস্ট রয়েছে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় তারকা সন হিউং-মিনের।
গত মৌসুমে এমএলএসে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। লিগের ইতিহাসে তিনি ও জোসেফ মার্টিনেজই দুই মৌসুমে অন্তত ২৫টি করে গোল করেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবদান ৪০ গোলে। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির কার্লোস ভেলার গড়া ৪৯ গোলে অবদানের রেকর্ড থেকে তিনি ৯ গোলে পিছিয়ে। তবে মায়ামির হাতে আরও চারটি ম্যাচ রয়েছে।