
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ সোমবার (১৯ অক্টোবর)। সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহামায়ার আরাধনা চলছে। অষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন কুমারীকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।
সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে অষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে দেবী দুর্গা কোলাসুরকে বধ করেছিলেন। তাই ১ থেকে ১৬ বছর বয়সী অজারপুষ্পা সুলক্ষণা কুমারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে। পূজা শেষে ভক্তরা কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন।
সূর্যোদয়ের আগে থেকেই রাজধানীর রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় আসনে অধিষ্ঠিত হবেন দেবী কুমারী। এরপর পঞ্চনৈবেদ্য নিবেদনের মধ্য দিয়ে তাঁর আরাধনা করা হবে। মহাষ্টমীর এই ধর্মীয় আয়োজনকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে।