October 19, 2026, 2:28 pm

লালন আখড়াবাড়ির সামনে বোমাসদৃশ বস্তু ও পেট্রলভর্তি ব্যাগ উদ্ধার,

নাইম বিশ্বাস

কুষ্টিয়ার কুমারখালীতে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির সামনে থেকে একটি সন্দেহজনক বোমাসদৃশ বস্তু ও পেট্রলভর্তি ব্যাগ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালন মাজারের প্রধান ফটকের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সেখানে তিন দিনব্যাপী স্মরণোৎসব চলছে এবং সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানের কথা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে স্থানীয় এক চা বিক্রেতা মাজারের প্রধান গেটের পাশে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগের মুখ খুলে তিনি ভেতরে লাল স্কচটেপে পেঁচানো একটি বোমাসদৃশ বস্তু, প্রায় দুই লিটার পেট্রল এবং দুটি সার্কিটসদৃশ উপকরণ দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে কুমারখালী থানা পুলিশ ও মেলার আয়োজক কমিটিকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং মাজারের মূল গেট সাময়িকভাবে বন্ধ রাখে। রাত আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট এসে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার পর মাজার প্রাঙ্গণ ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো রেখেছিল, তা উদ্ঘাটনে পুলিশ ও গোয়েন্দা বাহিনী তদন্ত শুরু করেছে।



ফেসবুক কর্নার