
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা বন্দরের জেটি এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এটি তাঁর প্রথম খুলনা ও মোংলা সফর।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন। পরে কোস্টগার্ডের দ্রুতগতির নৌযানে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সেখানে কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই। খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। নলিয়ানে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল স্থাপনের সম্ভাবনাও গুরুত্ব পেতে পারে।
নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত সভায় অংশ নেওয়া এবং বন্দরের জেটি পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় বন্দরের বাণিজ্য সম্প্রসারণ, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল, বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা গুরুত্ব পাবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সুন্দরবনের পর্যটন, বন্দরকেন্দ্রিক বাণিজ্য ও শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগাতে এ সফর ভূমিকা রাখবে। এদিকে, আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর আবারও খুলনায় আসার কথা রয়েছে।