
হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার পর নিজের নির্বাচনী এলাকার নানা সমস্যা ও অসংগতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিগত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা পীর গিয়াস উদ্দিন তাহেরী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি মাধবপুর, ছাতিয়াইন ও গোপীনাথপুরের বিভিন্ন সড়কের বেহাল দশা তুলে ধরেন। বিশেষ করে রতনপুর-ছাতিয়াইন সড়কের দুরবস্থার কথা উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে তাহেরী বলেন, মাধবপুর-চুনারুঘাটের অনেক আঞ্চলিক সড়ক অচল থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, মাদক ও ইয়াবার বিস্তার, দুর্নীতি, চাঁদাবাজি এবং লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। জনগণের মৌলিক চাহিদা পূরণ না করে বিলাসবহুল স্বপ্ন দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন। উন্নয়নকাজের মান নিয়ে প্রশ্ন তুলে ‘রডের বদলে বাঁশ’ দেওয়ার অভিযোগের প্রসঙ্গও সামনে আনেন তিনি।
তাহেরীর বক্তব্যের বিষয়ে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, গণতন্ত্রে সবার বাক্স্বাধীনতা রয়েছে। তবে তাঁর দাবি, হবিগঞ্জ-৪ আসনে মাদক, দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রিত এবং সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। রাস্তাঘাটের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে তাহেরীর ঘনিষ্ঠজন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মোজাম্মিল হক মাসুমী বলেন, মাদক, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। তাঁর ভাষ্য, তাহেরী গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং ইসলামী চেতনা ও ওলি-আউলিয়ার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল।