
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৈকুলী এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে ইজিবাইকচালক রিফাত (২০) এবং মনির হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৫৫)।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, পাঁচ যাত্রী নিয়ে রূপসী বাসস্ট্যান্ড থেকে মৈকুলীর দিকে যাচ্ছিলেন রিফাত। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রিফাত ও যাত্রী শাহনাজ বেগমের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।