
কোনো নেতা মাদক, নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড ও অন্যান্য অপকর্মে জড়ালে বিএনপিতে তাঁর স্থান হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, লক্ষ্মীপুরের রাজনীতিতে মাদক ও অপকর্মের সঙ্গে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না। যুবদলের নেতৃত্বে ভালো মানুষদের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নেতাগিরির নামে অস্ত্র বা লোহালক্কড় নিয়ে চলাফেরা এবং এ ধরনের রাজনীতি লক্ষ্মীপুরে চলতে দেওয়া হবে না। আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে থেকে অপকর্ম করে অর্থ উপার্জনের সুযোগও বিএনপিতে থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতারা।