
মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করে পূর্ণ নাগরিক মর্যাদায় নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সংগঠনটির জেলা শাখা আয়োজিত ‘উদ্বাস্তু রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।
বৈঠকে প্রধান অতিথি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজল বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বাংলাদেশ, বিশেষ করে কক্সবাজার, নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। প্রধান আলোচক হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেন, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের অবসান ঘটিয়ে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন বলেও বক্তারা উল্লেখ করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য দেন জেলা সদস্যসচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। সঞ্চালনা করেন জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ অতিথি ও আলোচকদের মধ্যে ছিলেন মাওলানা ড. হারুন আজিজী নদভী, মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, মাওলানা হাফেজ আব্দুল হক, মাওলানা রাহমত সালাম, মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, আখতারুল আলম, মাওলানা নুরুল হক চকোরী, অ্যাডভোকেট নিজামুল হক, বেলাল তৌহিদ ও মুহাম্মদ অলি উল্লাহ আরজু। বক্তারা রোহিঙ্গা সংকটের কারণে পরিবেশ, বনভূমি, স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, জনস্বাস্থ্য ও অবকাঠামোর ওপর বাড়তি চাপ এবং অপরাধের ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।