October 24, 2026, 3:25 pm

ক্যানসারে প্রাণ গেল ফেনীর তরুণ ক্রিকেটার হৃদয়ের

অভয়নগর প্রতিবেদক

 

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনীর উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। শনিবার (২৪ অক্টোবর) মাত্র ১৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের পেসার ছিলেন। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখা এই তরুণের মৃত্যুতে পরিবার, স্বজন ও ফেনীর ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের বাসিন্দা হৃদয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। ফেনী জেলা দল থেকে চট্টগ্রাম বিভাগীয় দলে জায়গা করে নেওয়া হৃদয়ের স্বপ্ন ছিল আরও বড় পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং একদিন জাতীয় দলের হয়ে খেলা। তবে তাঁর সেই স্বপ্ন আর পূরণ হলো না।

হৃদয়ের চিকিৎসায় সহায়তা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়। গত জুলাইয়ে বিসিবি তাঁর চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা দেয়। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সব প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সম্ভাবনাময় এই তরুণ ক্রিকেটারের মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।



ফেসবুক কর্নার