October 24, 2026, 3:23 pm

স্বামীর আলিঙ্গনে ভাঙল স্ত্রীর পাঁজরের পাঁচ হাড়

অভয়নগর প্রতিবেদক

 

চীনে শীত অনুভব করায় স্ত্রীকে উষ্ণতা দিতে আলিঙ্গন করেছিলেন এক ব্যক্তি। কিন্তু সেই আলিঙ্গনের পর তীব্র ব্যথায় মাটিতে বসে পড়েন স্ত্রী। পরে হাসপাতালে পরীক্ষা করে দেখা যায়, তার পাঁজরের পাঁচটি হাড় ভেঙেছে এবং ষষ্ঠ হাড়ে চিড় ধরেছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম মাদারশিপের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াং নামের ওই ব্যক্তি জানান, আলিঙ্গনের সময় হাড় ভাঙার মতো শব্দ শুনতে পান। প্রথমে তার স্ত্রী সামান্য টান লেগেছে বলে ধারণা করেছিলেন। তবে ব্যথা না কমায় পরদিন তাকে হাসপাতালে নেওয়া হয়। বুকের সিটি স্ক্যানে আঘাত ধরা পড়ার পর চিকিৎসকেরা ওষুধ দিয়ে বাড়িতে পাঠান। অস্ত্রোপচারের প্রয়োজন নেই জানিয়ে বিশেষ প্যাঁচ ব্যবহার ও পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেন।

চিকিৎসাকর্মীদের মতে, ওই নারীর হাড় ক্ষয়ে দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছিল। তার খাদ্যাভ্যাসে কঠোর নিয়ন্ত্রণ, রাতের খাবার বাদ দেওয়া এবং সূর্যের আলো এড়িয়ে চলার বিষয়গুলোও প্রতিবেদনে উঠে এসেছে। দীর্ঘদিন সূর্যের আলো না পেলে ভিটামিন ডি-এর ঘাটতি হতে পারে, যা ক্যালসিয়াম শোষণ ও হাড়ের স্বাস্থ্যে প্রভাব ফেলে। বর্তমানে ওই নারী বাড়িতে সুস্থ হয়ে উঠছেন এবং খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনছেন।



ফেসবুক কর্নার