
গত সপ্তাহের সহিংস সংঘর্ষের পর কঠোর নিরাপত্তাব্যবস্থা ও দমন-পীড়নের মধ্যেও ইতালিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (২৪ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৩৭১ জনকে সাময়িকভাবে আটক করে আটটি শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে, যাঁদের মধ্যে ১১০ জন অপ্রাপ্তবয়স্ক।
বার্তা সংস্থা আনাদোলু ও ইতালির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে, রোম, তুরিন ও বোলোনিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি নিক্ষেপ করলে কাঁদানে গ্যাস ছোড়া হয়। রোমে মিছিল চলাকালে বোতল নিক্ষেপের পর জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। বোলোনিয়ায় বোতল ও পটকা নিক্ষেপের ঘটনায় বিক্ষোভকারীদের পিছু হটিয়ে দেয় পুলিশ। এ ছাড়া মিলান ও ফ্লোরেন্সের কেন্দ্রীয় এলাকার কয়েকটি অংশে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেওয়া হয়।
এর আগে গত সপ্তাহান্তের সহিংসতার তদন্তে মিলান, পার্শ্ববর্তী মনজা ও আরও ২০টি শহরের দেড় শতাধিক স্থানে তল্লাশি চালানো হয়। আনসার প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশকে হুমকি, হামলার পরিকল্পনা, যানবাহন ক্ষতিগ্রস্ত করা এবং ভবনে আগুন দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগের তদন্তের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি বলেন, পুলিশ পেশাদারত্বের সঙ্গে সহিংসতায় জড়িত গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তাঁর ভাষ্য, ইতালিতে কেউ দায়মুক্তি নিয়ে কাজ করতে পারবে না।