November 5, 2026, 3:10 pm

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সার পরিবহন, জরিমানা 

মাহমুদুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নওগাঁর নিয়ামতপুর থেকে অবৈধভাবে সার পরিবহনের সময় ১৬ বস্তা রাসায়নিক সার আটক করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. রশিদ নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে একটি ভ্যানে করে সারগুলো গোমস্তাপুরে নিয়ে আসা হচ্ছিল। স্থানীয় লোকজনের সন্দেহ হলে ভ্যানটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা সার আটক করেন তাঁরা। পরে বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইনকে জানানো হয়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেন।
পরে সার পরিবহনের সঙ্গে জড়িত মো. রশিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা সার শর্তসাপেক্ষে তাঁর কাছে ফেরত দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারের অবৈধ পাচার ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার