November 5, 2026, 2:23 pm

সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুইজনকে

রাকিবুল ইসলাম রাকিব, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। নিষিদ্ধ মাছ মজুত ও বিক্রির দায়ে দুজনকে মোট দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ২৬ মণ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। তিনি বলেন, পিরানহা দেশীয় মাছের জন্য ক্ষতিকর। জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বেচাকেনা নিষিদ্ধ।
মৎস্য কর্মকর্তা আরও জানান, মাছটি খাওয়ার ক্ষেত্রে মানবদেহের জন্য ঝুঁকি না থাকায় জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে থানা-পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার