
মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ও শিক্ষার্থীরা নানা সংকটে পড়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মাদক যুবসমাজকে গ্রাস করলে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক কার্যক্রমের তদারকি ও সমন্বয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য বিশ্বের জ্বালানির অন্যতম প্রধান উৎস। সেখানে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা বিশ্বজুড়ে কৃত্রিম সংকট তৈরি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় এশিয়া-প্যাসিফিক, আসিয়ান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বিভিন্ন বৈঠকে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। জ্বালানি সংকট উত্তরণে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যাটারি ও প্যানেল স্থাপনের মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব। এতে জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে।
মন্ত্রী আরও বলেন, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা জনগণের করের টাকা। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা ও সরকারি রাজস্ব সাশ্রয় হবে এবং সেই অর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগানো যাবে। “বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করুন”—স্লোগান সামনে রেখে সৌরবিদ্যুৎ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি রোধে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পুলিশ সুপার মামুন অর রশিদসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।