
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। একই র্যাঙ্কিংয়ে এশিয়াজুড়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে ৮৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক উচ্চশিক্ষা র্যাঙ্কিংয়ে এ অর্জন বাংলাদেশের কৃষি ও উচ্চশিক্ষা খাতের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ৩ নভেম্বর আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত এ তালিকায় এশিয়ার ২৬টি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় প্রথম হয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। গাকৃবির এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ অর্জন শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও গবেষণার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। বিশেষ করে সাইটেশনস পার পেপার সূচকে এশিয়ায় ৮৬তম অবস্থান গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের স্বীকৃতি।
এর আগে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয় গাকৃবি। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হওয়ার পাশাপাশি এসডিজি-১ সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ সূচকে ১০১-২০০-এর মধ্যে স্থান পেয়েছে। উরি ২০২৬-এ ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাকৃবি।