November 5, 2026, 1:29 pm

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

অভয়নগর প্রতিবেদক

 

প্রয়াত সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক জীবনে তাঁদের মধ্যে মতপার্থক্য ও ঝগড়া হলেও দিনশেষে বিএনপির আদর্শ ও মানুষের কল্যাণে তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

স্মৃতিচারণ করে মির্জা আব্বাস বলেন, খোকা ছিলেন সহজ-সরল, আন্তরিক ও বড় মনের মানুষ। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আন্দোলন-সংগ্রাম এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন—বিভিন্ন পর্যায়ে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনও বক্তব্য দেন। তাঁরা মুক্তিযুদ্ধে খোকার অবদান এবং ঢাকা মহানগরীতে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলায় তাঁর ভূমিকা স্মরণ করেন।

আবদুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকা মহানগরীতে বিএনপি সুসংগঠিত হয়েছিল। খোকা শুধু ঢাকায় নয়, সারা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। দেশের অর্থনীতি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা উল্লেখ করে তিনি এসব সমস্যা সমাধানে সরকারের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন। বক্তারা প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।



ফেসবুক কর্নার