
সরকার যথাসময়ে পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে থাকলে এর দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলা হলেও এখন বিএনপি কেন তাঁদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না, সেই প্রশ্ন রয়েছে। শ্রমিকদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। সঠিক সময়ে উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে। সরকারের গত আট মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি ও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার বিষয়েও অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা ও গণবিরোধী নীতির বিরুদ্ধে তাঁরা কর্মসূচি পালন করছেন। জনগণকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। ডিসেম্বরের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকারের ব্যর্থতা এবং সরকার ও আওয়ামী লীগের সমঝোতার কারণেই ডিসেম্বরে কিছু ঘটতে পারে বলে তাঁদের আশঙ্কা। এমন কিছু হলে এনসিপি রাজপথে থেকে তা প্রতিহত করবে। মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।