November 3, 2026, 3:18 pm
শিরোনাম :

বিএনপি নেতা ইসরাইল হোসেনের মৃত্যু, কালীগঞ্জে দুই দিনের শোক

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) মারা গেছেন। ঢাকায় বেড়াতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাসায় অবস্থানকালে রাত দুইটার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং নিজ গ্রাম খামারমুন্দিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ইসরাইল হোসেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তাঁর জানাজায় অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি কামাল আরাদ পান্নু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ডা. নুরুল ইসলাম ও ইলিয়াস রহমান মিঠুসহ নেতাকর্মীরা। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।



ফেসবুক কর্নার