
পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে কুষ্টিয়ার সদর উপজেলার কীর্তিনগর ও ইমানপুর এলাকায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) ‘মেসার্স ফাইভ স্টার ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক্সকাভেটর দিয়ে কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটাটির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে চলতি ইটভাটা মৌসুমে পরিচালিত চতুর্থ অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. জাকিউল আলম। প্রধান প্রসিকিউটর ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল হক এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া পুলিশ বিভাগ, এসআরবি-১২ ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।