
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে যুক্ত হচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। তবে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা চলছিল।
শুরুতে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম আলোচনায় আসে। তবে সূত্রের দাবি, চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করা এই অভিনেত্রী ‘ইশক তামাশা’, ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’ ও ‘হুক’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’ চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জমকালো আয়োজনের মাধ্যমে নায়িকার পরিচয় প্রকাশের পরিকল্পনা করছে।
এর আগে শাকিবের বিপরীতে কলকাতার ইধিকা পাল, শ্রাবন্তী, শুভশ্রী, মিমি চক্রবর্তীসহ বিভিন্ন দেশের অভিনেত্রীরা অভিনয় করেছেন। ‘প্রিয়তমা’য় ইধিকা পাল এবং ‘রাজকুমার’ সিনেমায় কোর্টনি কফি তার নায়িকা ছিলেন। ‘মহব্বত’ সিনেমার শুটিং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।