
সরকার সময়মতো পরিকল্পনা ও উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় পোশাকশ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটলে এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। সময়মতো উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে। এ সময় শ্রমিকদের দাবির বিষয়ে বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সরকারের আট মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি, এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের ব্যর্থতা ও গণবিরোধী নীতির বিরুদ্ধে এনসিপি কর্মসূচি পালন করছে। ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সংশয় প্রকাশ করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে সরকারের কোনো সমঝোতার চেষ্টা হলে তা রাজপথে প্রতিহত করবে এনসিপি। সভায় দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।