
দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ওপার বাংলার চলচ্চিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনয়জীবনে অসংখ্য চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে নিজের আগের দুই দাম্পত্যের প্রসঙ্গ টেনে রসিকতা করেন এই অভিনেতা। অর্পিতার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
প্রসেনজিৎ বলেন, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী- ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে রয়ে গেছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনও যায়নি! ও আমাকে সহ্য করেছে। অর্পিতাকে আমি ভালোবাসি এবং ভীষণ সম্মান করি। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’ তার এই মন্তব্য ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
প্রসেনজিতের ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ের অধ্যায় রয়েছে। তার প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায় এবং দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতা। প্রথম দুই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। দুই দশকের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন এই দম্পতি। তাদের সংসারে রয়েছে ছেলে মিশুক।