November 2, 2026, 8:16 pm

প্রথম দেখাতেই মীরাকে জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

অভয়নগর প্রতিবেদক

 

বলিউডের তারকা দম্পতি শাহিদ কাপুর ও মীরা রাজপুতের প্রেমের শুরুর গল্পে রয়েছে মজার সব ঘটনা। সম্প্রতি ছোট ভাই ঈশান খট্টরকে সঙ্গে নিয়ে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়ে প্রথম সাক্ষাতের একটি স্মৃতি শেয়ার করেন তারা।

মীরা জানান, প্রথম দেখায় প্রায় দুই-তিন ঘণ্টা কথা বলার পর শাহিদ তাকে নিজের জুতার ছবি তুলতে বলেন। ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তোলার পর শাহিদ জানান, তার জুতা অন্ধকারে জ্বলে। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচতেই এমন জুতা ব্যবহার করতেন তিনি। প্রথম সাক্ষাতের সময় মীরার বয়স ছিল ২০ বছর, আর শাহিদের ৩৪। কথা বলতে বলতে কখন যে সাত ঘণ্টা কেটে গিয়েছিল, তা বুঝতেই পারেননি তারা।

অনুষ্ঠানে মীরার পরিবারের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন শাহিদ। ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার শুটিংয়ের সময় সবুজ চুলের বিশেষ সাজে মীরার দিল্লির বাড়িতে গিয়েছিলেন তিনি। হবু শ্বশুর তাকে দেখে কিছুটা হতবাক হয়ে গিয়েছিলেন বলে জানান অভিনেতা। এ ছাড়া ‘উড়তা পাঞ্জাব’ দেখে মীরার অস্বস্তি এবং ‘কবীর সিং’ সিনেমায় অভিনয়ে তার উৎসাহ দেওয়ার গল্পও উঠে আসে আলোচনায়। ২০১৫ সালে বিয়ে করেন শাহিদ-মীরা। তাদের দুই সন্তান—মেয়ে মিশা ও ছেলে জাইন।



ফেসবুক কর্নার