November 2, 2026, 8:16 pm

বদরগঞ্জে আগুনে পুড়ে ছাই ৮ পরিবারের বসতঘর

সোহেল রানা, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে বৈদ্যুতিক তার ও মিটারের ত্রুটি থেকে অগ্নিকাণ্ডে আটটি পরিবারের বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২ নভেম্বর) উপজেলার ৯ নম্বর দামোদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক তার ও মিটারে ত্রুটি দেখা দেওয়ার পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পরে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আটটি পরিবারের ঘরবাড়ি ও দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং ঘরবাড়ি পুনর্নির্মাণে দ্রুত সরকারি-বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক তার ও মিটারের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।



ফেসবুক কর্নার