পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ও মৌডুবী ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত গাইয়াপাড়া লঞ্চঘাটে পল্টুন না থাকায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। প্রতিদিন এ ঘাট দিয়ে প্রায় ৫০০ থেকে ৮০০ যাত্রী যাতায়াত করেন। কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা—এই তিন উপজেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ঘাটটিতে দীর্ঘদিন ধরে বিআইডব্লিউটিএর পল্টুন না থাকায় ভোগান্তি বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, সাধারণ যাত্রী, বয়স্ক ব্যক্তি, নারী, শিশু ও মুমূর্ষু রোগীদের পানি-কাদা পেরিয়ে লঞ্চে উঠতে হচ্ছে। পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। পল্টুন না থাকায় লঞ্চে ওঠার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে বেশ কয়েকজন যাত্রী ছোট-বড় দুর্ঘটনার শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানান। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে; তখন যাত্রীদের কোমরসমান পানিতে নেমে লঞ্চে উঠতে হয়।
স্থানীয় সামাজিক সংগঠন ‘বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট’-এর পরিচালক শামসুল আরেফিন বলেন, প্রায় ৪০ হাজার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধা নিশ্চিত করতে গাইয়াপাড়া লঞ্চঘাটে দ্রুত পল্টুন স্থাপন জরুরি। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যাটি সমাধানের আহ্বান জানান। ঘাটে স্থায়ী পল্টুন স্থাপন করে যাতায়াত নিরাপদ করার দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল।