November 2, 2026, 8:16 pm

শ্যামনগরে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত

হাফিজুর রহমান, ক্রাইম রিপোর্টার, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাগর আলি (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলি ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ইজিবাইক নিয়ে সড়কে বের হন সাগর আলি। সকাল সাড়ে ৬টার দিকে বংশীপুর এলাকায় ভেটখালি থেকে শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের চাকা চালকের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার পর বাসটি না থেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী জানান, ঘাতক বাসটি শনাক্ত এবং চালককে আটক করার চেষ্টা চলছে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবার অনিশ্চয়তায় পড়েছে। স্থানীয়রা বাসটি দ্রুত শনাক্ত করে চালককে আইনের আওতায় আনা এবং দুর্ঘটনার কারণ তদন্তের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার