November 2, 2026, 9:59 am

৫৩ বছরে ঐশ্বরিয়া, ফিরে দেখা তার বর্ণিল অভিনয়জীবন

অভয়নগর প্রতিবেদক

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্মদিন আজ। ১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পর আন্তর্জাতিক পরিচিতি পান। ১৯৯৭ সালে ‘ইরুভার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। একই বছর ‘অউর পেয়ার হো গয়া’ দিয়ে হিন্দি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিশেষ পরিচিতি পান তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে ‘তাল’, ‘মোহাব্বতে’, ‘দেবদাস’, ‘ধুম ২’, ‘গুরু’, ‘যোধা আকবর’ ও ‘চোখের বালি’র মতো সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ‘দেবদাস’-এ পার্বতী, ‘জোশ’-এ শার্লি এবং ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’তে বিনোদিনী চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। বলিউডের পাশাপাশি ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘প্রভোকড’ ও ‘দ্য পিংক প্যান্থার ২’-এর মতো আন্তর্জাতিক চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ২০০৩ সালে কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন ঐশ্বরিয়া। ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী এবং ২০১২ সালে ফ্রান্স সরকার ‘অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মানে ভূষিত করে। ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন তিনি। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যা বচ্চনের জন্ম হয়। সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তার দীর্ঘ পথচলা এখনো দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।



ফেসবুক কর্নার