November 2, 2026, 9:57 am

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে উত্তেজনা

অভয়নগর প্রতিবেদক

 

ন্যূনতম বেতনসহ তিন দফা দাবিতে আশুলিয়ায় পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পুলিশ তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। পরিস্থিতির কারণে নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এক শ্রমিকের দাবি, রোববার নিউ এইজ কারখানার দুই শ্রমিককে আটক করা হয়েছে। তবে ওসি জানিয়েছেন, ওই কারখানার একজন শ্রমিককে আটক করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু শ্রমিক আটকের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেন। আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সোমবার কতটি কারখানা চালু রয়েছে, তা পরিস্থিতির কারণে নিশ্চিত হওয়া যায়নি।



ফেসবুক কর্নার