
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে চলা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ ১১ জন এবং ডিএমপির মিরপুর বিভাগ ১৭ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলা থেকে এসে আন্দোলনে অংশ নিয়ে নাশকতায় উসকানি দিচ্ছিলেন। তাদের মোবাইল ফোনে অনলাইন গ্রুপের সঙ্গে যোগাযোগ, ছবি ও ভিডিও আদান-প্রদান এবং আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। প্রাথমিক তদন্তে পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ভাগনে আলিফ মোল্লা ও আওয়ামী লীগ কর্মী শুভকে নাশকতার সমন্বয়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।
ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান ও ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের পাশে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতির কারণে পল্লবী, মিরপুর-১০ ও ১১ নম্বর স্টেশনে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সড়ক থেকে আন্দোলনকারীদের সরানো হয়েছে।