November 2, 2026, 9:58 am

শ্রমিক বিক্ষোভ ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

অভয়নগর প্রতিবেদক

 

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শিল্পকারখানার শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে তারা মাঠে অবস্থান নিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পাশাপাশি অন্যান্য বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে।

এদিকে আন্দোলন চলাকালে পুলিশ বক্স, কারখানার গুদাম ও একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে শ্রমিক ও বাহিনীর সদস্যরা আহত হয়েছেন। হামলার শিকার হয়েছেন সাংবাদিকও। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতির কারণে গাজীপুরের প্রায় ১০০টি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার