
বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার ভক্তদের সঙ্গে যোগাযোগের পরিসর বাড়াতে নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন তিনি। সম্প্রতি আবেদনময়ী একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে ভক্তদের মন্তব্যের ঘর দেখার অনুরোধ জানান অভিনেত্রী। তার এমন ইঙ্গিতপূর্ণ আহ্বানে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
নতুন চ্যানেলে কী ধরনের ভিডিও বা কনটেন্ট প্রকাশ করবেন, তা এখনো জানাননি নুসরাত। তবে মন্তব্যের ঘরে এক নেটিজেন তার ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ জানিয়ে প্রশংসা করেছেন। ফলে নতুন ইউটিউব চ্যানেল ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চ্যানেলটির মাধ্যমে দর্শকদের জন্য কী চমক নিয়ে আসছেন অভিনেত্রী, সেটিই এখন দেখার বিষয়।
২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেন অশোক পতি। পরের বছর বাবা যাদব পরিচালিত ‘বাদশা: দ্য ডন’ সিনেমায় অভিনয় করেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন ভারতের অভিনেতা জিৎ। সিনেমাটিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কারও অর্জন করেন নুসরাত।