November 2, 2026, 10:46 am

গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘রইদ’

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র ৫৭তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি উৎসবের ‘এমার্জিং ফিল্মমেকারস’ বিভাগে জায়গা পেয়েছে। আগামী ২০ নভেম্বর গোয়ায় শুরু হবে এ উৎসব।

রোববার (১ নভেম্বর) বিভাগটির নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করে উৎসব কর্তৃপক্ষ। এতে ‘রইদ’ ছাড়াও বিভিন্ন দেশের আরও আটটি সিনেমা স্থান পেয়েছে। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় তরুণ নির্মাতাদের স্বাধীন ও সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের স্বীকৃতি দিতেই এ বিশেষ আয়োজন।

এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও সাফল্য পেয়েছিল ‘রইদ’। অক্টোবরের প্রথম সপ্তাহে উৎসবটিতে সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিক—এই তিন বিভাগে পুরস্কার জেতে সিনেমাটি। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। গেল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে সিনেমাটি ব্যবসায়িক সাফল্যও অর্জন করে।



ফেসবুক কর্নার