
নওগাঁর ধামইরহাটে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হরীতকীডাংগা বাজার ও বীরগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ অভিযান পরিচালনা করেন। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৭২ ধারায় অনিয়মের অভিযোগে তিনটি মামলা দায়ের করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানকে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ জানান, জনস্বার্থ রক্ষা, সড়ক দুর্ঘটনা রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সুশাসন বজায় রাখতে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।